মৌলভীবাজারে সেবা-যত্নে সুস্থ হয়ে উঠছে দুটি লজ্জাবতী বানর
উন্মুক্ত প্রকৃতিতে নীরবে বাস করা দুটি লজ্জাবতী বানর মানুষের হাতে ধরা পড়ে আরও বিপদগ্রস্ত হয়ে পড়েছিল। প্রাণী দুটিকে দেশের দুই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। বানর দুটি মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।
মানুষের ভালোবাসা ও সেবা-যত্ন পেয়ে ক্রমশ সুস্থ, স্বাভাবিক হয়ে উঠছে বানর দুটি। পূর্ণ সুস্থতা নিশ্চিত হলেই ওদের বনে ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে বানর দুটির দেখাশোনা করছে জার্মানির প্লামপ্লরিস ইভি নামের একটি সংস্থা। সংস্থার গবেষক ও দায়িত্বে থাকা লোকজন বানর দুটির নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
বন্য প্রাণী গবেষক ও স্বেচ্ছাসেবী সংস্থা প্লামপ্লরিস ইভি সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের মধ্যে তিন জায়গা থেকে তিনটি সংকটাপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে একটি মারা গেছে। এর মধ্যে একটি বানর গত ৩০ এপ্রিল মৌলভীবাজারের বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ) সদস্যরা শ্রীমঙ্গলের কালীঘাট চা-বাগান থেকে উদ্ধার করেন। বানরটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এতে প্রাণীটির বাঁ হাতের মাংস ঝলসে গিয়েছিল। পরে একটি কুকুর বানরটিকে আক্রমণ করে আহত করে। উদ্ধারের পর জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে এসে আহত বানরটিকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শরীরে পচন ধরায় এটিকে আর বাঁচানো যায়নি।
এদিকে ৭ মে ময়মনসিংহের ধোবাউড়া থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করে রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। বন বিভাগের সহযোগিতায় প্লামপ্লরিস ইভির গবেষক ও স্বেচ্ছাসেবীরা বানরটিকে উদ্ধার করেন। এ ছাড়া ১৫ মে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বন বিভাগের সহযোগিতায় প্লামপ্লরিস ইভির স্বেচ্ছাসেবীরা আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করে রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। উদ্ধারকারীদের ধারণা, লজ্জাবতী বানরটি পাশের পার্শ্ববর্তী ভারতের বন থেকে এসেছে। অথবা এটিকে কেউ ধরে নিয়ে এসেছেন। এখন জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে ময়মনসিংহ ও কুমিল্লা থেকে উদ্ধার করা বানর দুটিকে সেবা-শুশ্রূষা দেওয়া হচ্ছে।
প্লামপ্লরিস ইভির তত্ত্বাবধায়ক চঞ্চল গোয়ালা গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দুটি লজ্জাবতী বানরের অবস্থা এখন মোটামুটি ভালো। ময়মনসিংহ থেকে যে বানরটিকে নিয়ে আসা হয়, সেটির কোমরের লোম ওঠে গিয়েছিল। ক্ষতস্থানটি এখন শুকিয়েছে। বানরটি সুস্থ হয়ে উঠছে। নিজে থেকেই খাবার নিয়ে খাচ্ছে। খাবারের জন্য অপেক্ষা করে। কখন, কোথায় খাবার দেওয়া হবে, বুঝতে পারে। তাঁকেও চিনে ফেলেছে। এখন আর খাবার নিতে ভয় পায় না।
কুমিল্লা থেকে উদ্ধার করা বানরটির বিষয়ে চঞ্চল গোয়ালা বলেন, এ বানরটির বয়স কম। এখনো অনেকটা ভীত। কাছে গেলে ভয় পায়। কাঠি দিয়ে খাবার দিলে নিতে চায় না। বাটিতে রেখে দিলে পরে একা একা খেয়ে নেয়। যাঁদের কাছে আটকা ছিল, তাঁদের কোনো আচরণে তার মধ্যে ভয় ঢুকে থাকতে পারে। বানর দুটিকে পোকা ও জার্মানি থেকে প্লামপ্লরিস ইভির পাঠানো জিগাগাছের আঠা খাওয়ানো হচ্ছে। পোকা তিনি নিজেই উৎপাদন করেন বলে জানিয়েছেন প্লামপ্লরিস ইভির তত্ত্বাবধায়ক।
বন্য প্রাণী গবেষক মো. হাসান আল রাজী প্রথম আলোকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরে পচন ধরায় একটি বানরকে বাঁচানো যায়নি। এখন দুটি আহত বানর রয়েছে। ময়মনসিংহ থেকে উদ্ধার করা পুরুষ লজ্জাবতী বানরটির কোমর দড়ি দিয়ে বেঁধে রাখার কারণে ক্ষত হয়েছে। জননাঙ্গের চামড়া ওঠে গেছে। এ ক্ষত সেরে গেলেই বন বিভাগের পরামর্শে অবমুক্ত করে দেওয়া হবে। আর কুমিল্লা থেকে উদ্ধার হওয়া বানরটি পূর্ণবয়স্ক নয়। ওজনও কম। বন বিভাগের তত্ত্বাবধানে প্লামপ্লরিস ইভির চলমান প্রকল্পের অধীনে বানর দুটির দেখাশোনা করা হচ্ছে।
বন্য প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, লজ্জাবতী বানর লাজুক বানর হিসেবেও পরিচিত। এদের বেঙ্গল স্লো লরিস হিসেবেও ডাকা হয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকার নয়টি ভাগের মধ্যে লজ্জাবতী বানরকে ‘বিপন্ন’ (endangered) প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশে এরা মূলত চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনের বাসিন্দা। এটি বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত প্রাণী। বানরজাতীয় প্রাণীর মধ্যে এটি দেশের ক্ষুদ্রতম।