মৌসুম শেষে আমদানি কমায় বাড়ছে দাম

উত্তরাঞ্চলের অন্যতম বড় পাইকারি সবজির হাট বসে পাবনার সাঁথিয়ায়। গতকাল সেখানে কাঁচা মরিচ বিক্রি হয় ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে।

হাটে মরিচ নিয়ে বিক্রির অপেক্ষায় কৃষকেরা। গতকাল পাবনার সাঁথিয়ার করমজা হাটেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ আগে পাবনার সাঁথিয়ার পাইকারি সবজি বিক্রির হাটগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১০ থেকে ১২ টাকা। অথচ গতকাল উত্তরাঞ্চলের অন্যতম বড় পাইকারি সবজির হাট করমজা হাটে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে। গত রোববার এ দাম ছিল আরও বেশি, ১৭০-১৮০ টাকা। খোলাবাজারে গতকাল কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৫০-১৬০ টাকা কেজি দরে।

পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলেন, মরিচের মৌসুম শেষের দিকে। এ কারণে আমদানি কমে গেছে, তাই দাম বাড়ছে। অন্যদিকে কৃষকেরা বলছেন, যখন খেতে মরিচ ছিল, তখন দাম ছিল কম। এ কারণে লোকসান হওয়ায় তাঁরা মরিচগাছ তুলে আমনের আবাদ শুরু করেছেন। সাঁথিয়া উপজেলায় এবার ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হলেও বর্তমানে মাত্র ৩০০ হেক্টর জমিতে মরিচ আছে।

কৃষক ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সাঁথিয়ায় মরিচের আবাদ শুরু হয় মার্চের শেষের দিকে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত খেত থেকে মরিচ পাওয়া যায়। এরপর বৃষ্টি ও বর্ষায় মরিচগাছগুলো মরে যায়। সে হিসেবে বর্তমান সময় মরিচ চাষের শেষ সময়। গত বছরগুলোতে ভালো দাম পেয়ে শেষ সময়েও কৃষকেরা মরিচগাছগুলোর যত্ন নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু এবার দাম না থাকায় ও তোলার খরচ না ওঠায় কৃষকেরা যত্ন নেওয়া কমিয়ে দেন। এতে গাছগুলো শুকিয়ে যেতে থাকে ও একপর্যায়ে তাঁরা মরিচগাছগুলো আগেভাগেই তুলে ফেলে দেন।

গতকাল সকালে সাঁথিয়ার করমজা হাটে গিয়ে দেখা যায়, ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। তবে হাটে মরিচের আমদানি অনেকটাই কমে গেছে বলে ব্যবসায়ীরা জানান। হাটের কাঁচা মরিচের আড়ত কুদরতউল্লাহ ভান্ডারের মালিক অলিউল্লাহ খান বলেন, আরও এক সপ্তাহ এলাকায় উৎপাদিত মরিচ হাটে আসবে, তবে পরিমাণ কম হবে। আশার কথা হলো, ইতিমধ্যেই কুষ্টিয়া, রাজশাহীসহ অন্য এলাকার মরিচ হাটে আসতে শুরু করেছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার এ উপজেলায় ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। মৌসুমের বেশির ভাগ সময় কৃষকদের ছয় থেকে আট টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করতে হয়েছে। অথচ জমি থেকে প্রতি কেজি মরিচ তুলতেই মজুরি দিতে হয়েছে ছয় থেকে সাত টাকা। উৎপাদন ও পরিবহন খরচ তো আছেই। সব মিলিয়ে বেশির ভাগ কৃষকই বিঘাপ্রতি উৎপাদনের খরচ তুলতে পারেননি। তবে এখনো অন্তত ৩০০ হেক্টর জমিতে মরিচগাছ রয়েছে। মৌসুমের শেষ সময় বলে এসব জমিতে ফলন একেবারেই কমে গেছে।