সুন্দরবনে মধু আহরণ
মৌসুমে হেরফের, পাস নিচ্ছেন না মৌয়ালেরা
সুন্দরবনে খলিশা ফুল না ফোটায় চাকে পর্যাপ্ত মধু তৈরি হয়নি। আগেভাগে বনে গেলে পর্যাপ্ত মধু মিলবে না বলে জানিয়েছেন মৌয়ালরা।
সুন্দরবনে মধু আহরণ শুরু হতো প্রতিবছরের ১ এপ্রিল। এবার তা ১৫ দিন এগিয়ে এনে ১৫ মার্চ করা হয়। এ পরিবর্তন মেনে নেননি মৌয়ালেরা। এখন পর্যন্ত মধু আহরণের পাস নিয়েছেন মাত্র সাতজন। অথচ অন্যান্য বছরে মধু মৌসুমের উদ্বোধনের দিনই শতাধিক মৌয়াল পাস নেন। মৌয়ালেরা বলছেন, এখন বনে গেলে পর্যাপ্ত মধু পাওয়া যাবে না, লোকসানে পড়তে হবে।
বন বিভাগ বলছে, প্রতিবছর সুন্দরবনে ১ মার্চ থেকে হয় মাছ ধরার মৌসুম। তখন জেলেরা মাছ ধরতে গিয়ে সুন্দরবনের বিখ্যাত খলিশা ফুলের মধু চুরি করে আগেভাগে কেটে নেন। পাস নিয়ে ১ এপ্রিল সুন্দরবনে গেলে মৌয়ালেরা কাঙ্ক্ষিত মধু পান না। এমন ভাবনা থেকে চলতি বছর মধু আহরণ শুরু ১৫ দিন এগিয়ে আনা হয়।
শ্যামনগরের সুন্দরবনঘেঁষা বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ মার্চ মধু আহরণের মৌসুমের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় সুন্দরবন অবস্থিত হলেও মূলত মধু পাওয়া যায় সাতক্ষীরা রেঞ্জে। চলতি মৌসুমে সুন্দরবন থেকে ১৭ লাখ কেজি মধু ও সাড়ে ৮ লাখ কেজি মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মধু আহরণ চলবে ৩১ মে পর্যন্ত চলবে।
গতকাল বুধবার পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে সাতটি পাস গ্রহণ করেছেন মৌয়ালেরা। এর মধ্যে বুড়িয়োগালিনী স্টেশন থেকে চারটি এবং কোবাদক, কৈখালী ও কদমতলা থেকে একটি করে পাস নেওয়া হয়েছে।
বুড়িগোয়ালিনী গ্রামের মৌয়াল খোদা বক্স বলেন, অনুমতিপত্র নিয়ে একেক দলে ৭ থেকে ১০ জন মধু আহরণে যান। রাজস্ব দিয়ে ১৫ দিনের জন্য সুন্দরবনে যেতে খরচ হয় প্রায় ১ লাখ টাকা। এ খরচ তুলতে ১৫ দিনে কমপক্ষে ২০০ কেজি মধু সংগ্রহ করতে হয়। তা না হলে লোকসান গুনতে হয়। এখন বনে গেলে ১৫ দিনে ৪০ কেজির বেশি মধু পাওয়া যাবে না। ঋণ নিয়ে বনে মধু আহরণে গেলে লোকসানে পড়তে হবে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, এ পর্যন্ত সাতটি পাস নিয়েছেন মৌয়ালেরা। তাঁরা পাস নিলেও ১৫ মার্চ মধু আহরণে যাননি, ১ এপ্রিল যাবেন। অথচ মৌয়ালদের দাবিতেই ১৫ দিন এগিয়ে আনা হয় মধু আহরণের মৌসুম।
বন কর্তৃপক্ষের এমন দাবি প্রত্যাখ্যান করে বুড়িগোয়ালিনী গ্রামের মৌয়াল রাকিবুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে বন কর্তৃপক্ষ কেন ১৫ দিন এগিয়ে এনে তা ১৫ মার্চ মৌসুম উদ্বোধন করল, তা বোধগম্য নয়। আমরা আগের মতোই মধু সংগ্রহ করতে বনে যাব।’