মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহের মধ্যে সকাল সকাল ভুট্টাখেত পরিচর্যা করছেন এক কৃষক। ছবিটি সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকা থেকে তোলা।
ছবি: রাজিউর রহমান।

টানা চার দিন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছেন উত্তরের জনপদের মানুষ। তবে আজ সোমবার সকালে কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা মেলায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমে সারা দেশে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল কুড়িগ্রামের রাজারহাটে। তবে চলতি শীত মৌসুমে আজকের আগে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ আর ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

চলতি মাসের গোড়ার দিক থেকে উত্তরের জেলাগুলোতে একাধিকবার মৃদু শৈত্যপ্রবাহ হলেও শুক্রবার থেকে প্রথমবারের মতো এই এলাকায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে উত্তরের হিমশীতল বাতাস। রাতভর ঝিরঝিরে হিমেল বাতাসে কাবু হয়ে পড়ে এই জনপদের মানুষ।

আজ সকাল সাড়ে আটটার দিকে ভুট্টাখেত পরিচর্যার সময় পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকায় কৃষক আফজাল হোসেন বলেন, ‘তিন-চার দিন ধরে অতিরিক্ত ঠান্ডায় ঠিকমতো খেত-খামারে কাজ করা যাচ্ছে না। আজকে সকালে যদিও খুব ঠান্ডা লাগছে, তারপরও সকালে রোদ ওঠায় কাজ করতে কিছুটা ভালো লাগছে।’

জেলা শহরের সড়কে ভ্যানচালক সলেমান আলী বলেন, ‘কয়েক দিন ধরে ঠান্ডায় ঠিকমতো ভ্যান চালাতে পারিনি। সকালে বের হলে ঠান্ডায় বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। এ জন্য আয়ও কিছুটা কম হয়েছে। আজকে সকালের রোদ দেখে মনে হচ্ছে দিনটা ভালো যাবে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় চার দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশে মেঘ ও কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় উত্তরের ভারী শীতল বাতাস সরাসরি প্রবেশ করে তাপমাত্রা কমিয়েছে। তবে আকাশ পরিষ্কার থাকায় সকাল সকাল রোদের দেখা মিলেছে। এতে কিছুটা হলেও মানুষ স্বস্তি পাবে। দিনের তাপমাত্রাও কিছুটা বাড়বে। তিনি বলেন, এই মাঝারি শৈত্যপ্রবাহ এখন ধীরে ধীরে মৃদু শৈত্যপ্রবাহে রূপ নেবে এবং আগামী দুই-তিন দিনের মধ্যে এই এলাকা থেকে শৈত্যপ্রবাহ কেটে যাবে।