ম্যাজিস্ট্রেট আসার খবরে গরু-ছাগল নিয়ে পালালেন তাঁরা
নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুরে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল সাপ্তাহিক পশুর হাট। খবর পেয়ে পুলিশ নিয়ে হাটে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। এ সময় ভয়ে গরু-ছাগল নিয়ে হাট থেকে দৌড়ে পালিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গরু-ছাগল নিয়ে পালানোর ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কালিগ্রাম ইউনিয়নে আবাদপুকুর বাজারে প্রতি বুধবার পশুর হাট বসে। সেখানে নওগাঁসহ আশপাশের জেলা থেকে প্রায় কয়েক হাজার মানুষ হাট করে। করোনার সংক্রমণ ঠেকাতে জেলার সব পশুর হাট জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বন্ধ ঘোষণা করা হয়। তবে গতকাল নিষেধাজ্ঞা অমান্য করে আবাদপুকুর পশুর হাটে হাজারো মানুষের সমাগম হয়। সেখানে বেশির ভাগ মানুষের মুখে মাস্ক ছিল না। খবর পেয়ে বিকেলে পুলিশ নিয়ে হাটে উপস্থিত হন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। এ সময় ভয়ে গরু-ছাগল নিয়ে হাট থেকে দৌড়ে পালান বিক্রেতারা। ক্রেতারও সটকে পড়েন। মুহূর্তেই পুরো হাট ফাঁকা হয়ে যায়।
কালীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে হাটে দিনভর ক্রেতা-বিক্রেতারা গাদাগাদি করে ঘোরাফেরা করেছেন। কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছিল পশু কিনতে। ইজারাদারেরা নির্দেশনা অমান্য করে পশুর হাট বসালেও উপজেলা প্রশাসন খবর পেয়ে হাটটি বন্ধ করে দিয়েছে।
ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যে অন্যান্য বাজার শতভাগ স্বাস্থ্যবিধি মেনে বিকেল পাঁচটা পর্যন্ত চললেও পশুর হাট বন্ধ রাখতে হবে। সেই নির্দেশনা অমান্য করায় আবাদপুকুর হাটের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিধিনিষেধের মধ্যে পশুর হাট বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ তৎপর রয়েছে।