ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখলেই সড়ক ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখেই অটোরিকশা রেখে সরে যান চালকেরা। শুক্রবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়।
ছবি: আব্দুল মোমিন।

শুক্রবার সকাল ১০টা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড। বাংলাদেশ হাট সড়ক অভিমুখে সড়কের দুই পাশে জটলা। যাত্রীর অপেক্ষায় ২০-২৫টি সিএনজিচালিত অটোরিকশার চালক। দুই-চারজন যাত্রীও সেখানে হাজির। আকস্মিক সেখানে একটি মাইক্রোবাসে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্যরা হাজির হন। মুহূর্তেই অটোরিকশাগুলো নিয়ে সরে পড়েন চালকেরা। তবে ম্যাজিস্ট্রেট যাওয়ার কিছুক্ষণ পরই আবার আগের অবস্থা ফিরে আসে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আবার শুক্রবার সকাল ছয়টা থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে মাঠে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করছে। সেই বিধিনিষেধ বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেখানে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখেই অটোরিকশা নিয়ে চালকেরা সেখান থেকে চলে যান।

এদিকে সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ পার হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীবোঝাই এসব বাস ঢাকার দিকে যায়।

পাটুরিয়া ঘাট-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঈদ শেষে বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক যাত্রী দূরপাল্লার বাসে ঢাকা ও এর আশপাশের এলাকায় কর্মস্থলের উদ্দেশে রওনা হন। শুক্রবার ভোরে দৌলতদিয়া প্রান্তে এসে যাত্রীবাহী এসব বাস আটকা পড়ে। সকালে এসব বাস নদী পার হয়। এরপর পাটুরিয়া হয়ে ঢাকায় যায়। তবে এসব বাসের সংখ্যা ছিল কম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল প্রথম আলোকে বলেন, বিধিনিষেধের আওতামুক্ত যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাতটি ফেরি চালু রাখা হয়েছে। এসব যানবাহনের মধ্যে রয়েছে লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি ও পচনশীল পণ্যবাহী গাড়ি। তবে সকালে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়া বেশ কয়েকটি যাত্রীবাহী দূরপাল্লার বাস পার হয়েছে।

সরেজমিন দেখা গেছে, কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশিচৌকিতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। যানবাহন দেখামাত্র তল্লাশিচৌকিতে আটকে চালককে জেরা করা হচ্ছে। যৌক্তিক কারণ ছাড়া কোনো যানবাহনকে সড়কে চলাচল করতে দেওয়া হচ্ছে না।

কথা হলে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন গাজী বলেন, বিধিনিষেধের নির্দেশনা বাস্তবায়নে ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী গাড়ি এবং লাশবাহী অ্যাম্বুলেন্স ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে মাঝেমধ্যে অটোরিকশা, প্রাইভেট কারে যাত্রী বহনের চেষ্টা করা হচ্ছে। এসব যান চলাচল বন্ধে মহাসড়কে তাঁরা কাজ করছেন।

মানিকগঞ্জ জেলা শহরে বিপণিবিতান, শপিং মল ও দোকানপাট বন্ধ রয়েছে। তবে জরুরি পণ্যের দোকানপাট খোলা রয়েছে। ব্যাংক, বিমা, বিভিন্ন অফিস ও আদালতের কার্যক্রমও বন্ধ রয়েছে।

জেলা শহর কাঁচাবাজার ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারেও ক্রেতাদের আনাগোনা ছিল কম। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচামালের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ‘ বিধিনিষেধের মধ্যে জরুরি দরকার না অইলে তরকারি কিনতে মানুষ কম আসছে।’
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল

লতিফ প্রথম আলোকে বলেন, জেলায় বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে কাজ করছে। জেলা প্রশাসনের চারটি, সাতটি উপজেলায় ১৪টিসহ মোট ১৮টি ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।