ম্যালকমের পাশে থাকার আশ্বাস পুনাক সভানেত্রীর
খুলনায় বসবাসরত অস্ট্রেলিয়ার অসুস্থ নাগরিক ম্যালকম আরনল্ডের আরও দুটি ছবি কিনেছেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। তাঁর পক্ষ থেকে শনিবার খুলনা নগরের সোনাডাঙ্গায় অবস্থিত ম্যালকমের ভাড়া বাড়িতে যান খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন জীশান মীর্জা।
গত বছরের ২০ নভেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘বাংলাদেশে যেমন আছেন অস্ট্রেলিয়ার ম্যালকম’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে ম্যালকমের বর্তমান আর্থিক অবস্থার চিত্র ফুটে ওঠে। তাঁর শারীরিকভাবে অসুস্থতার কথাও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। ১৯ বছর ধরে অস্ট্রেলিয়ান নাগরিক ম্যালকম আরনল্ড হালিমা বেগম নামের এক বাংলাদেশি নারীকে ভালোবেসে খুলনায় থেকে গেছেন। বর্তমানে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা।
জীশান মীর্জা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী। প্রথম আলোর ওই প্রতিবেদন পড়ে এর আগেও তিনি ম্যালকমের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। তখন তাঁকে এক মাসের ওষুধ কিনে দেন এবং আর্থিক সহযোগিতার জন্য ম্যালকমের আঁকা একটি ছবি কেনেন।
পুনাক সভানেত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যালকম আরনল্ডের শারীরিক অবস্থাসহ সার্বিক বিষয়ের খোঁজখবর নেন। এ সময় তিনি আরও আর্থিক ও চিকিৎসাসহায়তা প্রদানের আশ্বাস দেন। নিজ জন্মভূমি ছেড়ে বাংলাদেশকে ভালোবেসে বসবাস করার জন্য ম্যালকমকে ধন্যবাদ দেন জীশান মীর্জা।
ম্যালকমের স্ত্রী হালিমা বেগম বলেন, মূলত ছবি এঁকে তা বিক্রি করে তাঁদের আর্থিক সংস্থান হতো। কিন্তু করোনার কারণে গত দুই বছর কোনো ছবিই বিক্রি হচ্ছে না। বিদেশে ছবি পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। এ কারণে তাঁরা বেশ আর্থিক সংকটে ভুগছেন। অন্যদিকে হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন ম্যালকম। আর্থিক সংকটের কারণে তাঁর ভালো চিকিৎসাও করানো সম্ভব হচ্ছে না। এখন ভালো করে ছবিও আঁকতে পারেন না তিনি।
ভিডিও কনফারেন্সের সময় ম্যালকমের বাড়িতে উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম, উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্সহ অনেকে।