মৎস্য অধিদপ্তরের দেওয়া ৩০ ছাগলের ১৩টির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলেদের কাছে বিতরণ করা মৎস্য অধিদপ্তরের মারা যাওয়া ১৩টি ছাগলের একটি। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি গ্রামে
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মৎস্য অধিদপ্তরের বিতরণ করা বিনা মূল্যের ৩০ ছাগলের ১৩টি মারা গেছে। গত ২৭ জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবারের মধ্যে এসব ছাগলের মৃত্যু হয়। পুনর্বাসন কর্মসূচির আওতায় গত ২৬ জানুয়ারি স্থানীয় নিবন্ধিত জেলেদের মধ্যে ওই ছাগল বিতরণ করে মৎস্য অধিদপ্তর।

ভুক্তভোগী জেলেদের অভিযোগ, অসুস্থ ও খুব কম বয়সী ছাগল বরাদ্দ দেওয়ায় এগুলোর মৃত্যু হয়েছে। ছাগল কেনায় মৎস্য অধিদপ্তরের অনিয়ম এ জন্য দায়ী।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, নিবন্ধিত জেলেদের পুনর্বাসন প্রকল্পে বিকল্প কর্মসূচির আওতায় গত জানুয়ারির মাঝামাঝিতে বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উপজেলার জেলেদের জন্য ৬০টি ছাগল বরাদ্দ আসে। এর মধ্যে গত ২৬ জানুয়ারি উপজেলার মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দি এলাকার ১৫ জেলের প্রত্যেককে দুটি করে মোট ৩০টি ছাগল দেওয়া হয়।

সূত্রটি জানায়, ওই ছাগল কেনার জন্য উপজেলা মৎস্য অধিদপ্তর দরপত্র আহ্বান করে। কার্যাদেশ শেষে মো. জামাল নামের স্থানীয় এক ঠিকাদার ওই ছাগল কেনার দায়িত্ব পান। তিনি ২ লাখ ৪০ হাজার টাকায় ৩০টি ছাগল কিনে স্থানীয় মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। প্রতিটি ছাগল কিনতে খরচ দেখানো হয় ৮ হাজার টাকা।

ভুক্তভোগী একাধিক জেলে ও স্থানীয় সূত্র জানায়, ছাগল বিতরণের পরদিন অর্থাৎ গত ২৭ জানুয়ারি চরমুকুন্দি গ্রামের আনোয়ার হোসেন প্রধানের দুটি ছাগল মারা যায়। এরপর গত কয়েক দিনে চরমুকুন্দি গ্রামের জেলে মিলন সরকার, বোরহানউদ্দিন প্রধান, জাহাঙ্গীর আলম ও সাজু মিয়ার দুটি করে এবং আলী আক্তার সরকার, মোজাম্মেল সরকার ও জাকির হোসেনের একটি করে আরও ১১টি ছাগল মারা যায়। বাকি ছাগলগুলোও অসুস্থ।

চরমুকুন্দি এলাকার জেলে বোরহানউদ্দিন প্রধান অভিযোগ করে বলেন, যে দুটি ছাগল পেয়েছেন, সেগুলো দুধের বাচ্চা ও রোগাক্রান্ত। বাড়িতে নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে। খায়নি কিছুই। আনার দুই দিন পর দুটি ছাগলই মারা যায়। বিষয়টি মৎস্য কর্মকর্তাকে জানানো হয়েছে।

ওই এলাকার জেলে আলী আক্তার সরকার বলেন, তাঁকে দেওয়া দুটি ছাগলের একটি মারা গেছে। আরেকটির অবস্থাও ভালো নয়। প্রতিটি বাচ্চা ৮ হাজার টাকায় কেনার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এসব ছাগ-ছাগীর প্রতিটির বাজারদর দেড়-দুই হাজার টাকা হবে। তিনি আরও অভিযোগ করেন, ছাগল কেনায় মৎস্য অধিদপ্তর ও ঠিকাদারের অনিয়ম ও দুর্নীতির কারণেই খুব কম বয়সী ও অসুস্থ ছাগল কিনে তাঁদের দেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্তেরও দাবি জানান।

উপজেলার মৎস্য অধিদপ্তরের নিয়োগ করা ঠিকাদার মো. জামাল বলেন, তাঁর পরিচিত মতলব উত্তর উপজেলার বাসিন্দা মানিক মিয়ার মাধ্যমে তিনি ওই ছাগলগুলো কিনেছেন। আকারে খুব ছোট হলেও কেনার সময় সেগুলো সুস্থ ছিল। পরে অসুস্থ হয়ে কেন মারা গেল, তা তিনি বুঝতে পারছেন না। ছাগল কেনায় তিনি অনিয়ম করেননি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, নিয়ম মেনে ঠিকাদারের মাধ্যমে ওই ছাগলগুলো কিনে জেলেদের মধ্যে বিতরণ করেছেন। কী কারণে বা কোন রোগে সেগুলো মারা গেল, তা বুঝতে পারছেন না। ছাগল কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সত্য নয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকির হোসেন বলেন, ছাগলগুলোর মৃত্যুর কথা কেউ জানাননি। এতগুলো ছাগল কোন রোগে মারা গেল তা দেখবেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, বরাদ্দকৃত ছয়টি ছাগল মারা যাওয়ার তথ্য পেয়েছেন। ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখবেন।