ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, তানভীরের মৃত্যু ‘আত্মহত্যা’ নয়, শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন তানভীর আলম ওরফে তুষার। গতবছরের ৭ অক্টোবর নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ
ছবি: প্রথম আলো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আলম ওরফে তুষার ‘আত্মহত্যা’ করেননি। তাঁকে আঘাতের পর শ্বাসরোধে ‘হত্যা’ করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেছেন, এ ঘটনায় নিহত তানভীর আলমের বাবা মোহসীন আলী সম্প্রতি অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

তানভীর আলম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৭ অক্টোবর রংপুর নগরের সাহেবগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ওই দিন বেলা ১১টার দিকে তুষারের ঘরের দরজা বন্ধ দেখেন পরিবারের লোকজন। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন তাঁরা। এ সময় তুষারকে আধা পাকা ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে স্থানীয় লোকজন তাঁকে নামানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। সে সময় পুলিশসহ পরিবারের সদস্যদের ধারণা ছিল, তানভীর আত্মহত্যা করেছিলেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে নতুন তথ্য।

পুলিশ কর্মকর্তা ফিরোজ ওয়াহিদ বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক ইফফাত শারমিনের ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে, তানভীর আলম তুষারকে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তানভীর আলমের বাবা মোহসীন আলী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে তিনি জানতে পারেন, তাঁর ছেলে আত্মহত্যা করেননি। তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর ধারণা, রাতের কোনো এক সময় কেউ বাড়িতে এসে ছেলেকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে কৌশলে পালিয়ে যায়। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।