ময়মনসিংহ নগরে সয়াবিন তেলের সংকট কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোতলজাত সয়াবিন তেল
ফাইল ছবি

সরকার থেকে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়ার পরও ময়মনসিংহ নগরে তেল মিলছে না। ঈদের আগে থেকে শুরু হওয়া সয়াবিন তেলের এই সংকট এখনো চলছে। আজ শনিবার সকাল থেকে ময়মনসিংহ নগরের পাইকারি বাজার ও বিভিন্ন পাড়া-মহল্লার দোকানে খোঁজ নিয়ে এ চিত্র দেখা গেছে।

আজ শনিবার সকালে ময়মনসিংহ নগরের সবচেয়ে বড় পাইকারি বাজার মেছুয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, ঈদের আগে থেকেই মেছুয়া বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দেয়। ঈদের আগে অল্প পরিমাণ বোতলজাত তেল পাওয়া গেলেও খোলা তেল একেবারেই মেলেনি। ঈদের পর থেকে বোতলজাত সয়াবিন তেলও মিলছে না। ফলে মেছুয়া বাজারের দোকানগুলো সয়াবিনশূন্য হয়ে পড়েছে। ক্রেতারা বাজারে এসে সয়াবিন না পেয়ে ফিরে যাচ্ছেন।

মেছুয়া বাজারের ব্যবসায়ী কার্তিক পাল বলেন, ‘ঈদের আগে থেকেই মেছুয়া বাজারে তেল নেই। বৃহস্পতিবার তেলের নতুন দাম নির্ধারণ করে দেওয়া হলেও এখনো আমরা তেল পাইনি। ডিলাররা জানিয়েছেন, সয়াবিন পেতে আরও কয়েক দিন সময় লাগবে।’

ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকার চৌরঙ্গী মোড়, ফিরোজ লাইব্রেরি মোড়, আকুয়া মাদরাসা কোয়ার্টার, সানকিপাড়ায় খোঁজ নিয়ে জানা যায়, পাড়া-মহল্লার দোকানগুলোতেও বিক্রি হচ্ছে না। দোকানিদের দাবি, তাঁদের কাছে তেল নেই। চৌরঙ্গী মোড় এলাকার দোকানি রতন মিয়া বলেন, ঈদের আগে থেকেই সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তাই ক্রেতাদের চাহিদা থাকলেও তেল বিক্রি করতে পারছেন না তিনি। তবে নতুন দাম নির্ধারণ হওয়ার পর ডিলাররা দু–এক দিনের মধ্যে সয়াবিন তেল সরবরাহ করবেন বলে আশা করছেন তিনি।

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন দোকানি বলেন, পাড়া-মহল্লার কোনো কোনো দোকানে গোপনে বেশি দামে বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে। ওই দোকানগুলোতে এক লিটার সয়াবিন ২২০ থেকে ২৫০ টাকা দাম রাখা হচ্ছে।

ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও শহরতলির শম্ভুগঞ্জ ও দাপুনিয়া বাজারে আজ সকালে খোঁজ নিয়ে জানা যায়, ওই বাজারগুলোতেও সয়াবিন তেল অপ্রতুল। নতুন দাম নির্ধারণ হওয়ার পরও সয়াবিনের সংকট কাটেনি। শম্ভুগঞ্জ বাজারের একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে থেকেই এই সংকট চলছে।