ময়মনসিংহ বিভাগে আরও ১০২ জনের করোনা শনাক্ত
ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবারের নমুনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়। বিভাগের চার জেলায় গতকাল ৮৩২ জনের নমুনা পরীক্ষা হয়। এ সময় করোনায় মারা গেছেন দুজন, যাঁদের বাড়ি নেত্রকোনা জেলায়।
চারটি জেলার সিভিল সার্জনের কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা যায়। সিভিল সার্জনদের কার্যালয় সূত্রে আরও জানা যায়, ময়মনসিংহ জেলায় ৪০৩টি নমুনা পরীক্ষা করে ২৬ জন করোনা শনাক্ত হন। শেরপুরে ১৮৫টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হন ২৮ জন। এ ছাড়া নেত্রকোনায় ৬৮টি নমুনা পরীক্ষায় ৬ জন ও জামালপুরে ১৭৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নেত্রকোনা সদর উপজেলায় ৬৫ বছর বয়সী একজন নারী ও কলমাকান্দা উপজেলায় ৯০ বছর বয়সী একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী করোনা সংক্রমণ বাড়ছে শেরপুর ও জামালপুর জেলায়। শেরপুরে শেষ ২৪ ঘণ্টায় এযাবৎ সর্বোচ্চসংখ্যক মানুষ এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন। শেরপুরে শনাক্তের হার ছিল ১৫ শতাংশের বেশি।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শেরপুর ও জামালপুরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে স্থানীয় প্রশাসনকে গুচ্ছ পদ্ধতিতে লকডাউন কার্যকর করার সুপারিশ করেছে স্বাস্থ্য বিভাগ। যেসব বাড়িতে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, সেসব বাড়ির মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। এ ছাড়া ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় আক্রান্তদের চিকিৎসার ওপর জোর দেওয়া হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. শাহ আলম বলেন, ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশন নিশ্চিত করে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি মানুষকে সচেতন করার বিষয়ে সব সময়ই জোর দেওয়া হচ্ছে।