ময়মনসিংহ বিভাগে আরও ১৪৬ জনের করোনা, শনাক্তের হার ১২
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৯৮। এ সময় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৪৬ জনের মধ্যে ময়মনসিংহে ১০৩ জন, নেত্রকোনায় ২৩, শেরপুরে ১৫ ও জামালপুরে ৫ জন। এই বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩১৯। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ২১ হাজার ১৯ জন, জামালপুরে ৫ হাজার ৩৮ জন, নেত্রকোনায় ৪ হাজার ৭২৬ জন এবং শেরপুরে ৪ হাজার ৫৩৬ জন করোনা সংক্রমিত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭০ জন। সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহে ১২২ জন, শেরপুরে ২৬ জন ও জামালপুরে ২২ জন রয়েছেন। বিভাগের চার জেলার মধ্যে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ—তিন ক্যাটাগরিতেই শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা।
গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে দুজনই শেরপুর জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭৩ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ ২৭০ জনের মৃত্যু হয়েছে। শতকরা হিসেবে ৪৭ শতাংশই এই জেলার বাসিন্দা। এ ছাড়া নেত্রকোনার ১২৩ জন, জামালপুরের ৯২ জন ও শেরপুরের ৮৮ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে টিকা প্রদানেও গুরুত্ব দেওয়া হয়েছে।