ময়মনসিংহ বিভাগে আরও ৩৬৩ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। শনাক্তের হার ৩১ দশমিক ৫১, আগের দিন যা ছিল ৩১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নমুনা পরীক্ষার বিপরীতে বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্তের হার ৫৬ দশমিক ৯৭, শেরপুর জেলায়। করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। এ ছাড়া নেত্রকোনায় (৩৮) ৩৫ দশমিক ৫১, ময়মনসিংহে (২৫৩) ২৯ দশমিক ৯৭ ও জামালপুরে (১৯) ১৬ দশমিক ৬৬।
বিভাগে আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ৩৩৩ জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। বর্তমানে করোনা ইউনিটে মোট ৭১ জন রোগী ভর্তি আছেন।