ময়মনসিংহ বিভাগে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৫৫৬ জনের, মৃত্যু ৫
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষায় এক দিনে সর্বোচ্চসংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৮০। এই সময়ে বিভাগে করোনায় মৃত্যু হয় পাঁচজনের।
আজ রোববার সকালে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় থেকে জানানো শেষ ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৯৯৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৯২ জনের। শেরপুরের ৩২৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১৩ জনের। নেত্রকোনায় ৩০২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯২ জনের এবং জামালপুরে ২৮৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৫৯ জনের।
করোনায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় মারা গেছেন পাঁচজন। মৃত ব্যক্তিদের মধ্যে শেরপুর জেলায় দুজন, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনায় একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, প্রায় এক মাস ধরে এ বিভাগে করোনা সংক্রমণের হার বাড়ছে। গত ১০ দিনের মধ্যে চারবার দৈনিক সর্বোচ্চসংখ্যক করোনা শনাক্তের ঘটনা ঘটেছে। সংক্রমণের হার ২৫ থেকে ৩২ শতাংশ।