ময়মনসিংহ বিভাগে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ৩৫৮, মৃত্যু ৬
চার দিনের ব্যবধানে ময়মনসিংহে আবারও ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৫৮ জনের। শনাক্তের হার ২৫ দশমিক ৫৮। এর আগে গত বুধবার এক দিনে সর্বোচ্চ ৩৫৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ছয়জন। আজ রোববার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. শাহ আলমের দেওয়া ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।
পরিসংখ্যান থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় মোট ৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া শেরপুরে ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন, জামালপুরে ২৫৪ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন এবং নেত্রকোনায় ১৭২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় করোনায় মারা গেছেন ছয়জন। এর মধ্যে ময়মনসিংহে তিনজন, জামালপুরে দুজন ও শেরপুরে একজনের মৃত্যু হয়েছে।
করোনায় সংক্রমিত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৫৫ জন।