ময়মনসিংহ বিভাগে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ৩৮৯, মৃত্যু ২
এক দিনের ব্যবধানে আবারও ময়মনসিংহ বিভাগে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় এ বিভাগের চার জেলায় মোট ১ হাজার ২২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৮০।
এর আগের ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছিল ৩৫৮ জনের। শেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় দুজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. শাহ আলম দৈনিক করোনা সংক্রমণের এ পরিসংখ্যান জানান। ওই পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগের এ পরিসংখ্যান থেকে জানা যায়, ময়মনসিংহ জেলায় ৭০৭ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত নেত্রকোনায়। নেত্রকোনায় শেষ ২৪ ঘণ্টায় ১৬৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৭০ জনের। শনাক্তের হার ৪১ শতাংশ। এ ছাড়া জামালপুরের ২০০ জনের নমুনা পরীক্ষায় ৬০ জন এবং শেরপুরে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় করোনায় ময়মনসিংহে একজন ও শেরপুরে একজনের মৃত্যু হয়েছে। করোনায় ময়মনসিংহ বিভাগে আজ পর্যন্ত ২০৮ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে ১৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা সংক্রমিত হয়ে ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৯ জনসহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের ফিরোজা খাতুন (৮০) ও রাবেয়া খাতুন (৭৪), মুক্তাগাছা উপজেলার বিমল কান্তি (৬২), টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মোছা. রোকেয়া (৪৫), নেত্রকোনা সদরের দিদারুল ইসলাম (৭২) ও কলমাকান্দা উপজেলার আবদুল করিম (১০১)।
হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল এক দিনে। বর্তমানে আইসিইউতে ২০ জনসহ মোট ২৯৬ জন করোনা ইউনিটে চিকিৎসাধীন।