ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে
ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে।
নমুনা পরীক্ষার পরিমাণও কমেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ২৩। এই সময়ে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ২৪৬ জনের করোনা শনাক্তের পাশাপাশি ৫ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৪৪ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ১১৫ জন, শেরপুরের ১২ জন, জামালপুরের ১১ জন ও নেত্রকোনার ৬ জন। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৮৯।
বিভাগে করোনায় মারা গেছেন ৫৬৩ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ ২৬৪ জন, নেত্রকোনার ১২১ জন, জামালপুরের ৯২ জন ও শেরপুরের ৮৬ জন।
শনাক্ত, মৃত্যু ও সুস্থ হওয়া—তিন ক্যাটাগরিতেই বিভাগে শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সচেতন হলে সংক্রমণ ও মৃত্যু আরও কমে আসবে। এ জন্য সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।