ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্ত ৩৬ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ বিভাগের চার জেলায় করোনা সংক্রমণ কমেছে। গতকাল বুধবার ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়েছেন ৪৯ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৬৯। এর মাধ্যমে বিভাগে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে।

এর আগের দিন মঙ্গলবার ৭০৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়েছিলেন ৫৮ জন। তবে গতকাল করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সবশেষ ময়মনসিংহ বিভাগে করোনা রোগীর সংখ্যা ৩৬ হাজার ৮। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৯ জনের মধ্যে ময়মনসিংহে ৩৩, শেরপুরে ৬, নেত্রকোনা ও জামালপুরে ৫ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সকাল পর্যন্ত ময়মনসিংহে ২১ হাজার ৪৫৬, জামালপুরে ৫ হাজার ৯১, নেত্রকোনায় ৪ হাজার ৮২৪ এবং শেরপুরে ৪ হাজার ৬৩৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, গতকাল সুস্থ হয়েছেন ১৩৪ জন। সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহে ৯০, নেত্রকোনায় ২৫, শেরপুরে ১২ এবং জামালপুরে ৭ জন রয়েছেন। বিভাগে সবশেষ ৩৩ হাজার ৪৬৬ জন সুস্থ হয়েছেন। বিভাগে আক্রান্তের বিপরীতে সুস্থতার হার ৯২ দশমিক ৯৪। বিভাগের চার জেলার মধ্যে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ তিন ক্যাটাগরিতেই শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৮১ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ ২৭৬ জনের মৃত্যু হয়েছে। ৪৭ দশমিক ৫ শতাংশই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এ ছাড়া নেত্রকোনার ১২৩, জামালপুরের ৯৩ এবং শেরপুরে ৮৯ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ্ আলম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। যাঁরা এখনো টিকা গ্রহণ করেননি, তাঁদের সবাইকে নিবন্ধন করে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।