ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে
ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে। এ সময়ে ১ হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষায় আরও ৩৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৫।
এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৮২ জনের। শনাক্তের হার ২৭ দশমিক ৪০ শতাংশ।
শেষ ২৪ ঘণ্টায়য় ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যাননি। তবে আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৬১ জনের। শনাক্ত ৩০ দশমিক শূন্য ৬ শতাংশ। নেত্রকোনা জেলায় ৭২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৯ জন। নেত্রকোনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩৮। জামালপুরে ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৩৪। শেরপুর জেলায় ২৪ ঘণ্টায় ১০৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৩ জনের। শনাক্তের হার ৩৯ দশমিক ৮১।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। আজ দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট ভর্তি আছেন ৮২ জন। এর মধ্যে ৫১ জন করোনা পজিটিভ। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।