ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে
ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬১ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭৯ শতাংশ। এর ফলে এই বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১১১ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৮০ জন, নেত্রকোনায় ১২, শেরপুরে ১৬ এবং জামালপুরে ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ২০ হাজার ৮৪৩ জন, জামালপুরে ৫ হাজার ১৩, নেত্রকোনায় ৪ হাজার ৬৯০ এবং শেরপুরে ৪ হাজার ৪৯৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, গতকাল সুস্থ হয়েছেন ৭৯৫ জন। সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহে ৬৬৭, নেত্রকোনায় ৯৪, শেরপুরে ২১ এবং জামালপুরের ১৩ জন। বিভাগে সর্বশেষ ৩১ হাজার ১০৭ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে দুজনই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬৯ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ ২৬৮ জনের মৃত্যু হয়েছে। শতকরা হিসাবে ৪৭ শতাংশই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এ ছাড়া নেত্রকোনার ১২৩ জন, জামালপুরের ৯২ জন এবং শেরপুরের ৮৬ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ্ আলম বলেন, করোনাসংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।