ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্তের হার কমেছে
ময়মনসিংহ বিভাগে করোনার শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ৬৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। আগের দিন ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ সময়ে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলারই ৫৬ জন। এ ছাড়া জামালপুরে ১৫ জন, শেরপুরে ১৩ ও নেত্রকোনায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় ২০ হাজার ৭২১ জন, জামালপুরে ৫ হাজার ১, নেত্রকোনায় ৪ হাজার ৬৭৮ ও শেরপুরে ৪ হাজার ৪৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৬। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগের ৮৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৬ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে দুজন ময়মনসিংহ ও একজন নেত্রকোনা জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬৬ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ ২৬৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৪৭ শতাংশই ময়মনসিংহ জেলার। এ ছাড়া নেত্রকোনায় ১২২ জন, জামালপুরের ৯২ ও শেরপুরের ৮৬ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্ত, মৃত্যু, সুস্থ তিন শ্রেণিতেই ময়মনসিংহ বিভাগে শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮৭ জন। এর মধ্যে ময়মনসিংহে ৪০৮ জন, শেরপুরে ৫০, জামালপুরে ২৫ ও নেত্রকোনায় ৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে সর্বশেষ ৩০ হাজার ২১৯ জন সুস্থ হয়েছেন।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ্ আলম বলেন, করোনা প্রতিরোধে সবাই সোচ্চার হওয়ায় ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্তের হার কমছে। তারপরও সবাইকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।