ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্তের হার ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে
ফাইল ছবি: রয়টার্স

করোনার তৃতীয় ঢেউয়ে সারা দেশের মতো ময়মনসিংহ বিভাগেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে বিভাগে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৮।

আজ রোববার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।

গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্ত হয়েছিল ৭৩ জনের। তবে ওই সময়ে কেউ মারা যাননি, সংক্রমণের হার ছিল ১৭ দশমিক ৬৭। গত শুক্রবার সকালে আগের ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, সংক্রমণের এ হার ছিল ২৪ দশমিক ৮৬। ৮৯৩টি নমুনা পরীক্ষার বিপরীতে সেদিন শনাক্তের সংখ্যা ছিল ২২২, মৃত্যুও হয়েছিল ১ জনের।

আজ সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহে ৮৩ জন, নেত্রকোনায় ১৫, জামালপুরে ২২ ও শেরপুরে ৫৮ জন রয়েছেন। যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁদের একজনের বাড়ি ময়মনসিংহে এবং অন্যজনের বাড়ি নেত্রকোনায়। মহামারি শুরুর পর ময়মনসিংহ বিভাগে করোনায় ৬১২ জনের মৃত্যু হয়েছে।