ময়মনসিংহ বিভাগে করোনায় আরও তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট ৬১৮ জনের মৃত্যু হলো। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩১ দশমিক ১৯। এর আগের দিন বিভাগে ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২০১ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৯। একই সময়ে একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলায় একজন করে। একই সময়ে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহে ২৬৬, নেত্রকোনায় ৪১, জামালপুরে ২০ ও শেরপুরে ২৩ জন আছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মহিউদ্দিন খান জানান, গত এক দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন। করোনা ওয়ার্ডে বর্তমানে মোট ৬৬ জন রোগী ভর্তি আছেন।