ময়মনসিংহ বিভাগে করোনায় নতুন শনাক্ত ১৪২, মৃত্যু একজনের
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৪২ জনের দেহে। এ সময় বিভাগের চার জেলায় ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার হয়েছে শনাক্তের হার ২৯ দশমিক ৭৬ শতাংশ। গত এক দিনে বিভাগে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত করোনাবিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ বিভাগে ১ হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছিল ৩৭২ জন। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৭১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলার মধ্যে ময়মনসিংহে ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩০ দশমিক ২৩ শতাংশ। নেত্রকোনা জেলায় ৩২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২ জন, শনাক্তের হার ৩৭ দশমিক ৫ শতাংশ। জামালপুর জেলায় ৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৪ দশমিক ১৯ শতাংশ। শেরপুর জেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় নতুন আরও একজনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে করোনা আক্রান্ত ১০ রোগী ভর্তি হয়েছেন। আজ শনিবার পর্যন্ত মোট ৭৬ জন রোগী ভর্তি আছেন।