ময়মনসিংহ বিভাগে করোনায় প্রাণ গেল আরও একজনের
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন আরও ২০১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৯। এ সময়ের মধ্যে বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৪২ জন। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৬ শতাংশ। সেদিনও একজনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৩৯৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯০ জন এবং শনাক্তের হার ২২ দশমিক ৮৪ শতাংশ। নেত্রকোনা জেলায় ১১৬ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নেত্রকোনায় শনাক্তের হার ৩২ দশমিক ৭৫ শতাংশ। জামালপুর জেলায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১৭ জন এবং শনাক্তের হার ২৫ দশমিক ৭৫ শতাংশ। শেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৬ দশমিক ১২ শতাংশ। বিভাগে এদিন যাঁর মৃত্যু হয়েছিল, তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে নতুন আরও ২০ জন রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ জন। করোনা ইউনিটে আজ পর্যন্ত ভর্তি আছেন ৭৩ জন।