ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ বিভাগের চার জেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ১ হাজার ২২০ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়েছেন ২৪৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ১৬ শতাংশ।

বিভাগে করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৪৫। এর মধ্যে গতকাল সুস্থ হয়েছেন ১৯৬ জন। এ পর্যন্ত বিভাগে ২৯ হাজার ২১১ জন সুস্থ হয়েছেন। আজ বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন ময়মনসিংহের বাসিন্দা। অপর দুজন শেরপুরের বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬০ জন। তাঁদের মধ্যে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু হয়েছে। শতকরা হিসাবে ৪৬ দশমিক ৬১ শতাংশই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ নেত্রকোনার ১২১ জন, জামালপুরের ৯২ জন ও শেরপুরের ৮৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৬ জনের মধ্যে ময়মনসিংহে ১৬০ জন, নেত্রকোনায় ৫৫, শেরপুরে ২৫ ও জামালপুরে ৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় ২০ হাজার ৫৫০ জন, জামালপুরে ৪ হাজার ৯৭৫ জন, নেত্রকোনায় জন ৪ হাজার ৬৬৯ এবং শেরপুরে ৪ হাজার ৪৫১ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ্ আলম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।