ময়মনসিংহ বিভাগে টানা সাত দিন করোনায় মৃত্যু নেই
ময়মনসিংহ বিভাগে টানা সাত দিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি বিভাগের নেত্রকোনায় একজন মারা যান। এরপর আজ রোববার সকাল আটটা পর্যন্ত বিভাগে কারও মৃত্যু হয়নি। মহামারি শুরুর পর এখন পর্যন্ত বিভাগে করোনায় মোট মারা গেছেন ৬২৯ জন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ৪৪৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১২ দশমিক শূন্য ১৬।
আজ ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ১২ দশমিক শূন্য ১।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ২৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ১০ দশমিক ৬০। নেত্রকোনায় ৮০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তর হার ১৭ দশমিক ৫। জামালপুরে ২৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ১২ দশমিক ৫ এবং শেরপুরে ৭৬ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১১ দশমিক ৮৪। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৪৩৫।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরও ৯ জন ভর্তি হয়েছেন, একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন।