ময়মনসিংহ বিভাগে শনাক্ত ১০ শতাংশে নেমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৫৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ১৯। এর আগের দিন বিভাগে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২১ দশমিক ৮৫। ওই দিন বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্ত ১০ দশমিক ০৭ শতাংশ। নেত্রকোনায় ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্ত ৭ দশমিক ৬৯ শতাংশ। জামালপুরে ৮০ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্ত ১১ দশমিক ২৫ শতাংশ। শেরপুরে ২৭ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়; শনাক্ত ১৪ দশমিক ৮১ শতাংশ।

বিভাগে এখন পর্যন্ত ৪৩ হাজার ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৯ জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরও ১৯ জন ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন।