ময়মনসিংহ বিভাগে ১৩৬ জনের করোনা শনাক্ত
ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ২৪ ঘণ্টায় আরও ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে বিভাগে করোনায় আক্রান্ত কেউ মারা যাননি। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। বুধবার ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামলাপুর জেলায় মোট ৫৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৪ শতাংশ। এই সময়ে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ১০৬ এবং জামালপুর জেলায় সর্বনিম্ন ৪ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে কেউ মারা যাননি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুজন মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৫৬ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ২১ জন পজিটিভ। আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।