ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৪৮ জন শনাক্ত, মৃত্যু ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ২৪ ঘণ্টায় বিভাগের ৪ জেলায় মোট ৭০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ১১। এ সময় বিভাগে করোনায় মারা গেছেন ২ জন।

আজ শনিবার সকালে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. শাহ আলম ময়মনসিংহ বিভাগের করোনা সংক্রমণের এই পরিসংখ্যান জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের জানানো পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুরে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৮ জনের। শেরপুরে ৭২ জনের নমুনা পরীক্ষায় ২১ জন এবং নেত্রকোনায় ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত বিভাগে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মৃত ২ জন এই হিসাবের অন্তর্ভুক্ত। বাকি সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।