ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা সন্দেহে তাপমাত্রা পরীক্ষার প্রতীকী ছবি।

ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৬১ শতাংশ।

আজ শনিবার ময়মনসিংহ বিভাগের চার জেলার সিভিল সার্জনদের দেওয়া ২৪ ঘণ্টার করোনা শনাক্তের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় করোনা সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

চার জেলার করোনা সংক্রমিতের পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় মোট ৩৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুর জেলায় ১৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ২৫ জন। নেত্রকোনায় ৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০ জন এবং শেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে নেত্রকোনা জেলায় ৮৫ বছরের একজন নারী মারা গেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার থেকে ময়মনসিংহ নগরের ১২টি এলাকায় লকডাউন চলছে।