ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ১৩। আজ শুক্রবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নেত্রকোনায় ১৪১ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জন, শেরপুরে ১৯৯ জনের মধ্যে ৪১, জামালপুরে ১১৩ জনের মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে জামালপুর জেলার ২ জন, শেরপুরের ১ ও ময়মনসিংহের ১ জন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৪০ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৮৭৩ জন।
করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশের মতো ময়মনসিংহ বিভাগের চার জেলায় চলছে কঠোর লকডাউন। আজ শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। সকাল থেকেই চার জেলায় পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থান থাকার খবর পাওয়া গেছে।