ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্তের হার ১০ শতাংশের কম
ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একেই সময়ে বিভাগে করোনায় সংক্রমিত দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৭৮ শতাংশ।
নতুন শনাক্ত ১১৪ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৭৬, নেত্রকোনার ২২, শেরপুরের ১২ ও জামালপুরের ৪ জন। এ নিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩৩। এর মধ্যে ময়মনসিংহের ২১ হাজার ৯৫, জামালপুরের ৫ হাজার ৪২, নেত্রকোনার ৪ হাজার ৭৪৮ ও শেরপুরের ৪ হাজার ৫৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪০৫ জন। এর মধ্যে ময়মনসিংহের ৩৪১, নেত্রকোনার ৩৪, জামালপুরের ১৮ ও শেরপুরের ১২ জন। বিভাগে এ পর্যন্ত ৩১ হাজার ৯১২ জন সুস্থ হয়েছেন।
বিভাগের চার জেলার মধ্যে শনাক্ত, মৃত্যু ও সুস্থ—তিন ক্ষেত্রেই শীর্ষে ময়মনসিংহ জেলা। ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই এ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন মোট ৫৭৫ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলার ২৭২ জন, যা বিভাগে মোট মৃত্যুর ৪৭ শতাংশ। এর বাইরে নেত্রকোনার ১২৩, জামালপুরের ৯২ ও শেরপুরের ৮৮ জনের করোনায় মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ্ আলম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। যাঁরা এখনো টিকা নেননি, তাঁদের দ্রুত নিবন্ধন করে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।