ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪২ জন, মৃত্যু ২
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৪২ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের ৪ জেলায় মোট ১ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭৯। এই ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে আজ মঙ্গলবার সকালে জানানো করোনা শনাক্তের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগের এই পরিসংখ্যান থেকে জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে জেলায় সর্বোচ্চ ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ জেলায় মোট ৫৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শেরপুর জেলায় ২৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুর জেলায় ২০৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৯ জনের।
আর নেত্রকোনায় ৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১৮৩ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।