ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ও হার কমেছে
ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ও হার কমেছে। শেষ ২৪ ঘণ্টায় এ বিভাগে মোট ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষায় মোট ২৮২ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২৭ দশমিক ৪১। এ ছাড়া একজনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে মোট শনাক্ত ২৬৫ জন। শনাক্ত ৩৩ দশমিক ৯৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে জানানো প্রতিদিনের করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৭১৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ২০০ জন। শনাক্তের হার ২৭ দশমিক ৯৩। নেত্রকোনা জেলায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২২ জন। এ জেলায় শনাক্ত ২৩ দশমিক ১৫ শতাংশ। জামালপুর জেলায় ৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১৬ জন। জামালপুরে শনাক্তের হার ১৮ দশমিক ১৮। শেরপুর জেলায় ১৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৪ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৪।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনের করোনা–সংক্রান্ত তথ্য দেওয়ার দায়িত্বে থাকা চিকিৎসক মো. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও উপসর্গ নিয়ে করোনা ইউনিটে ভর্তি থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি ময়মনসিংহ জেলায়, দুজনের বাড়ি টাঙ্গাইল জেলায় এবং একজন কিশোরগঞ্জের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ১০ জন। আজ বুধবার সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ভর্তি আছেন ৭৭ রোগী।