ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে
ময়মনসিংহ বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা ২৪ ঘণ্টায় ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৫৬। তবে এ সময়ে বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৫২২ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১৩ দশমিক শূন্য ২। আজ সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩১৪ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়; শনাক্তের হার ১৮ দশমিক ১৫। নেত্রকোনায় ১০৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্তের হার ১৭ দশমিক ৮৮। জামালপুরে ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়; শনাক্তের হার ৬ দশমিক ৬০। শেরপুরে ৭২ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়; শনাক্তের হার ১২ দশমিক ৫। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ২৪৭ জনের। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৯ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরও ১২ জন ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন।