ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় ১৬১ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৫৯০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ২৮। আগের তুলনায় গত ২৪ ঘণ্টায় বিভাগে পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও হার—উভয়ই কমেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৩৪৮ জন। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৪৬।

জেলাভিত্তিক পরিসংখ্যান থেকে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার ২৬ দশমিক ৭৮। নেত্রকোনায় ৪৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার ১৭। জামালপুরে ১৬ জনের নমুনা পরীক্ষায় ৯ জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার ৫৬ দশমিক ২৫। শেরপুরে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার ২৯ দশমিক ৭৮।

ময়মনসিংহ বিভাগে গত ৪৮ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে করোনায় ৬২২ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৬ জন নতুন রোগী করোনা ইউনিটে ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। আজ সকাল পর্যন্ত করোনা ইউনিটে ভর্তি আছেন মোট ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ভর্তি থাকা একজন রোগীর মৃত্যু হয়েছে।