ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় ৩৪৮ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা পরীক্ষা
ফাইল ছবি

ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তবে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত বিভাগে ১ হাজার ১০৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৪৬।

এর আগে গতকাল ৯০২ জনের নমুনা পরীক্ষায় ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৮১। গতকাল করোনায় আক্রান্ত হয়ে বিভাগে একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৪৮ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩২ দশমিক ৭৫। নেত্রকোনায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৭ দশমিক ৫৩। জামালপুরে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৭ দশমিক ১৮। শেরপুরে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩০ দশমিক ৫৭।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মহিউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে আরও ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। আজ সকাল পর্যন্ত করোনা ইউনিটে মোট ৭৫ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ৪৬ জন করোনায় আক্রান্ত। অন্যরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।