ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় ৪৬৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯৩। এই সময়ে বিভাগে করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে সাতজন।
আজ শুক্রবার সকালে ময়মনসিংহ বিভাগের চার জেলার সিভিল সার্জনদের দেওয়া করোনা সংক্রমণের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।
ময়মনসিংহ জেলায় ৮৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৩২ জন। নেত্রকোনায় ৩৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১১০ জন। শেরপুরে ২২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৭১ জন এবং জামালপুরে ২৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫০ জন। বিভাগের চার জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২০ হাজার ৬৯ জন।
চার জেলার সিভিল সার্জনদের দেওয়া তথ্য থেকে আরও জানা যায়, ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় দুজন, ময়মনসিংহে দুজন, শেরপুরে দুজন এবং জামালপুরে একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে মোট মারা গেছেন ২৮১ জন।
ময়মনসিংহ মেডিকেলে ১৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা যান ৪ জন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৪০ জন এবং আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন। বুধবারে ও মঙ্গলবারে ১৯ জন করে মারা গিয়েছিলেন।