ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন কয়েক শিক্ষার্থী। তবে শিক্ষার্থীদের এ অভিযোগকে মিথ্যা দাবি করে গতকাল মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকেরা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষকদের এ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত ছিল। তবে আজ সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ শিক্ষকদের নিয়ে জরুরি সভা ডেকেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল কালাম আজাদ কলেজের ৫৩ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন, এমন অভিযোগ এনে গত ২৩ ফেব্রুয়ারি কয়েক শিক্ষার্থী মানববন্ধন করেন। মানববন্ধনকারীদের দাবি ছিল, যৌন হয়রানির অভিযোগে আবুল কালাম আজাদকে বহিষ্কার করতে হবে।
তবে এমন অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করেছেন কলেজের ৫৩ ব্যাচের শিক্ষার্থী ও কলেজের শিক্ষকেরা। গত রোববার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এমন অভিযোগকে বানোয়াট দাবি করে অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানানো হয়। ওই দিন ৫৩ ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়। ওই স্মারকলিপিতে দাবি করা হয়, ৫৩ ব্যাচের কোনো শিক্ষার্থীর সঙ্গে যৌন হয়রানির ঘটনা ঘটেনি।
সার্জারি বিভাগের শিক্ষক মুনির হোসেন ভূঁইয়া বলেন, আবুল কালাম আজাদ বিভাগীয় প্রধান হওয়ায় কিছু শিক্ষার্থী অনৈতিকভাবে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য দাবি নিয়ে এসেছিল। কিন্তু আবুল কালাম আজাদ অনৈতিক দাবি মেনে না নেওয়ায় কয়েক শিক্ষার্থী এমন অপপ্রচার করছেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষের মেয়াদ শেষ হতে কয়েক মাস বাকি। পরবর্তীকালে আবুল কালাম আজাদ অধ্যক্ষ হওয়ার সম্ভাবনা আছে। এ কারণেও শত্রুতা করে কেউ অপপ্রচার করে থাকতে পারেন বলে তিনি ধারণা করছেন।
এর আগে গত সোমবার সংবাদ সম্মেলন করে অপপ্রচারকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন শিক্ষকেরা। পরে ওই দাবির অগ্রগতি না হওয়ায় গতকাল সকাল থেকে শিক্ষকেরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
জানতে চাইলে অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, আজ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো যাবে।