ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় দুজন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার পাঁচজন, নেত্রকোনার দুজন ও গাজীপুরের একজন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগের ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়।

গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও ছয়জন পুরুষ। চলতি আগস্টে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৪০০ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে করোনা ও এর উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আবদুর রশিদ (৯০) ও একই উপজেলার ফজিলা খাতুন (৭০)। এ ছাড়া ময়মনসিংহ সদরের এম এ খালেক (৮৫), মুক্তাগাছার আবদুল হাই (৭৫), হালুয়াঘাটের আবদুল মান্নান (৪৫), নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. শামসুদ্দিন (৭০), মদনের হারুনুর রশিদ (৬৯) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রহিমা খাতুন (৮৫) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৬ জনসহ ভর্তি রোগী আজ সকাল পর্যন্ত ১৮৬ জন। তাঁদের মধ্যে আইসিইউতে ১৫ জন চিকিৎসাধীন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৩৩টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৪৭। এখন পর্যন্ত জেলায় মোট ২০ হাজার ৮৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৭৬ জন। জেলায় করোনায় মারা গেছেন ২৬৮ জন।