ময়মনসিংহ মেডিকেলে এক দিনে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন করতে নেওয়া হচ্ছে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। একই সময়ে ময়মনসিংহ বিভাগে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য জানা যায়।

আজ সকালে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১১ হাজার ৪৯৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১৮ জনের। সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৩ জন। বর্তমানে ৩ হাজার ৬৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন।

ময়মনসিংহ বিভাগে করোনায় ১১ জনের মৃত্যু

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের চার জেলায় ১ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষায় নতুন আরও ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ২৪ শতাংশ।

আজ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানান, বিভাগে করোনায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৫, শেরপুরের ৩, নেত্রকোনার ৩ জন। বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯৬ জন।