ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। আজ সোমবার হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন ৩৮১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২০।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ২৭২টি নমুনা পরীক্ষায় ২৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট করোনায় আক্রান্ত ১১ হাজার ৭৮১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৮৪ জন। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু ৫

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৮৩। একই সময়ে বিভাগে করোনায় মারা গেছেন পাঁচজন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ২, শেরপুরের ২ ও জামালপুরের ১ জন রয়েছেন। এখন পর্যন্ত বিভাগে করোনায় ৩০৩ জনের মৃত্যু হয়েছে।