ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৮ জন, নেত্রকোনায় ৩ জন এবং জামালপুরে ও টাঙ্গাইলে ১ জন করে রয়েছেন।
এর মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সিরাজ মিয়া (৫৫), শিরিনা (৫০), ভালুকা উপজেলার মো. আমির আলী (৭০), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মো. জান্নাত আলী (৯০)।
মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪১ জন রোগী ভর্তিসহ এখন পর্যন্ত ৩৬৩ জন ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ২২ জন চিকিৎসাধীন। গতকাল রোববার ৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া জেলার ৪ হাজার ৩৯২ জন হোম আইসোলেশনে রয়েছেন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০৮ জনের নমুনা পরীক্ষায় আরও ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৪ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৩৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬২২ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ২৩৪ জনের মৃত্যু হয়েছে।