ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে কিশোরীসহ ১৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিম নামে ১৭ বছর বয়সী এক কিশোরীও আছে।

ওই কিশোরীর বাড়ি ময়মনসিংহ সদরে। সে করোনা পজিটিভ ছিল। তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৫ জন এবং এর উপসর্গে ৮ জন মারা গেছেন। এর মধ্যে ৬ জন ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া নেত্রকোনার ৪, জামালপুরের ২ ও কিশোরগঞ্জের ১ জন রয়েছেন। এর মধ্যে নারী ৩ জন, পুরুষ ১০ জন।

এসব তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩২ জন ভর্তিসহ আজ সকাল পর্যন্ত ২৬৯ জন রোগী ভর্তি আছেন। এরে মধ্যে আইসিউতে ২১ জন চিকিৎসাধীন। এ ছাড়া বৃহস্পতিবার সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন। আর ৮১ জন ওয়ান-স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৯৯৩টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৯২০ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩ হাজার ৫৯১ জন আইসোলেশনে আছেন।