ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। একই সময়ে ময়মনসিংহ বিভাগে করোনায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার মেডিকেল কলেজ ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের আবদুস সালাম (৭৫) ও সুখ রঞ্জন (৬৫); মুক্তাগাছার মমতা বেগম (৪৫); ফুলবাড়িয়ার হাসিনা (৬০); নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আয়েশা (৬৫) এবং পাবনা জেলার অন্তিমা সরকার (৬৫)। ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন (৬৫) ও মফিজুল ইসলাম (৬০); তারাকান্দার ইস্রাফিল (৫৫); ভালুকার শাহানাজ জামান (৪৫); গফরগাঁও উপজেলার সোহরাব (৮০) ও রানুজা আক্তার (৫০); গৌরীপুরের হযরত আলী (৫৪); ধোবাউড়ার মমেনা (৪০); ফুলবাড়িয়ার আজিজুল হক (৯০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রোকসানা (৫৫) করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন নারী ও আটজন পুরুষ। করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জনসহ এখন পর্যন্ত ৩৯৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ২২ জন চিকিৎসাধীন। বৃহস্পতিবার সুস্থ হয়ে ৬০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১টি নমুনা পরীক্ষায় আরও ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ১৭ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৫৬ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন। জেলায় বুধবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৪ হাজার ৬৭১ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।