ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন জামালপুরের, দুজন ময়মনসিংহের এবং একজন নেত্রকোনার বাসিন্দা।
বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ে মারা যাওয়া এই ছয়জনের মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন তিনজন। অপর তিনজন করোনার উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নতুন ছয়জনকে নিয়ে চলতি আগস্টে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৩৮৪ জনের মৃত্যু হলো। এর আগে জুলাইয়ে মৃত্যু হয়েছিল ৪৮২ জনের।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত এখানে মোট ১৭৬ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ১৫ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন। বৃহস্পতিবার সুস্থ হয়ে ৩৯ জন হাসপাতাল ছেড়েছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ১১। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট ২০ হাজার ৭২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯০৪ জন। জেলায় করোনা সংক্রমিত মোট ২৬৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৫৫১ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।