ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের তিনজন এবং জামালপুর, নেত্রকোনা ও গাজীপুর জেলার একজন করে আছেন। এ নিয়ে চলতি মাসে এই হাসপাতালে করোনা ও উপসর্গে ১২১ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল। সেই হিসাবে মৃত্যুর ঘটনা বেড়েছে। এর আগে জুলাই মাসে এই হাসপাতালে করোনা ও এর উপসর্গে ৪৮২ জন এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল।
মহিউদ্দিন খান জানান, আজ সকাল পর্যন্ত নতুন ৩৯ জনসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১০৫ জন রোগী ভর্তি আছেন। গেল দুই সপ্তাহের মধ্যে গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আইসিউতে চিকিৎসাধীন নয়জন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩১৫ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১২। আজ সকাল পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৯৪২ জন শনাক্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৫২ জন। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮৯ জনের মৃত্যু হয়েছে।