ময়মনসিংহ মেডিকেলে করোনার উপসর্গে ৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে করোনার উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার তিনজন, নেত্রকোনার দুজন ও জামালপুরের একজন আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত সময়ে মারা যাওয়া সবাই পুরুষ। সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও এর উপসর্গে ৪৮২ জন এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এ হাসপাতালে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আবদুল কুদ্দুস (৭০), ত্রিশালের সুলতান ব্যাপারী (৭০), ভালুকার শফিকুল ইসলাম (৪০), নেত্রকোনার মদন উপজেলার আলতাবুর রহমান (৭০), কলমাকান্দার রামিম (২৫) ও জামালপুর সদরের খোরশেদ আলী (৭০)।

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জনসহ ১১০ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে পাঁচজন চিকিৎসাধীন।

জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪। আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫২৪ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৩ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ২৭৯ জনের মৃত্যু হয়েছে।