ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ৮ জন করোনায় ও ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
এ ব্যাপারে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকি আটজন অন্যান্য জেলার বাসিন্দা। নতুন ৬৬ জনসহ বর্তমানে করোনা ইউনিটে ৪৭২ জন ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিউতে চিকিৎসাধীন ২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের বাহার উদ্দিন (৬৫), জোবেদা খাতুন (৯০), ফুলপুর উপজেলার দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), হালুয়াঘাট উপজেলার রুহুল আমিন (৭৬), নেত্রকোনা বারহাট্টা উপজেলার মালেকা (৭২), জামালপুর সদরের রফিকুল ইসলাম (৭২) ও শেরপুর সদরের রহিমা বেগম (৫০)।
করোনার উপসর্গ নিয়ে যাঁরা মারা গেছেন, তাঁরা হলেন ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০), আনোয়ারা (৬০), তারাকান্দা উপজেলার আবদুল খালেক (৬৮), ফুলপুর উপজেলার সুলেমা (৫৭), মুক্তাগাছা উপজেলার শামসুন্নাহার (৬৪), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুর উপজেলার আবদুর খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০), মধুপুর উপজেলার জহর আলী (৮০) ও নেত্রকোনা সদরের রবিউল (৮০)।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষায় ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৪৪ শতাংশ। আজব সকাল পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৪ হাজার ৫৩৩। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪৪ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৩৪ জন। বর্তমানে ৩ হাজার ৫৩৯ জন আইসোলেশনে আছেন।